হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
রবিবার (১২ জুলাই) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গ্রহণের মতো প্রয়োজনীয় উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আবেদনটি খারিজ করা হয়েছে।
এর আগে গত ৫ জুলাই সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আদালতে মামলার আবেদন করেন। সেদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। পরে ১২ জুলাই আদেশ ঘোষণার দিন ধার্য করা হয় এবং এদিন আদালত আবেদনটি খারিজ করে দেন।
মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমকে আসামি করা হয়েছিল।
মামলার আবেদনে বাদী দাবি করেন, তার ৯ মাস বয়সী কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শয্যাসংকট, অক্সিজেনের স্বল্পতা, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এছাড়া অভিযোগে বলা হয়, সময়মতো হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং পরে হামে আক্রান্ত হয়ে মারা যায়। বাদীর ভাষ্য অনুযায়ী, টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে।
মামলায় আরও উল্লেখ করা হয়, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার ফলে দেশব্যাপী বহু শিশু হামে আক্রান্ত হয়েছে এবং অনেক শিশুর মৃত্যু হয়েছে। বাদীর দাবি ছিল, এসব কর্মকাণ্ড রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যর্থতা, ক্ষমতার অপব্যবহার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবহেলার শামিল।
তবে আদালত অভিযোগের উপস্থাপিত তথ্য ও উপাদান পর্যালোচনা করে মামলাটি গ্রহণের পর্যাপ্ত ভিত্তি না পাওয়ায় আবেদনটি খারিজ করে দেন।
কসমিক ডেস্ক