২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে মানবিক বিভাগের অর্ধেকের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, মানবিক বিভাগে পাসের হার হয়েছে ৪৮ দশমিক ৭৪ শতাংশ। এ বিভাগে মোট ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ লাখ ১ হাজার ১৭৪ জন।
তিন বিভাগের মধ্যে মানবিকে পাসের হার কম
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের তুলনায় মানবিক বিভাগে পাসের হার কম। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৬৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৬৪ দশমিক ২৯ শতাংশ।
বিজ্ঞান বিভাগে মোট ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ১৯ হাজার ৬৯৬ শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪১ হাজার ২৪৮ জন।
মানবিক বিভাগে ৬ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নিলেও পাস করেছে প্রায় অর্ধেক শিক্ষার্থী। ফলে তিন বিভাগের মধ্যে এ বিভাগেই পাসের হার সবচেয়ে কম।
মানবিকে ঢাকা এগিয়ে, পিছিয়ে দিনাজপুর
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে মানবিক বিভাগে সর্বোচ্চ পাসের হার রেকর্ড করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে মানবিক বিভাগের পাসের হার ৫৫ দশমিক ৬২ শতাংশ।
অন্যদিকে মানবিক বিভাগে সবচেয়ে কম পাসের হার দিনাজপুর শিক্ষা বোর্ডে। সেখানে পাসের হার ৩৮ দশমিক ৭৫ শতাংশ।
বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার হয়েছে যশোর শিক্ষা বোর্ডে—৮৬ দশমিক ৯০ শতাংশ। এরপর রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড, যেখানে বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৫ দশমিক ৯০ শতাংশ।
নয় সাধারণ বোর্ডে পাসের তথ্য
সামগ্রিকভাবে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন পাস করেছে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। এ-সংক্রান্ত প্রক্রিয়া ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
কসমিক ডেস্ক