মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কড়া বার্তা দিয়েছেন মুক্তাদা আল-সদর। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ইরাককে আরেকটি যুদ্ধে জড়িয়ে ফেলা উচিত হবে না। তার মতে, এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, যা উপসাগরীয় দেশগুলোকে ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত এনে দিতে পারে।
আল-সদর সব পক্ষকে সতর্ক করে বলেন, ‘জায়নবাদী-আমেরিকান শত্রুর’ ষড়যন্ত্রে পা না দিয়ে সংযম দেখাতে হবে। তিনি আরও বলেন, কেউ যেন এমন পরিস্থিতি তৈরি না করে, যেখানে একই দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে জড়িয়ে পড়ে।
ইরাকের সার্বভৌমত্ব রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি অভিযোগ করেন, কিছু মিলিশিয়া গোষ্ঠী দেশটিকে একটি ‘অর্থহীন যুদ্ধে’ জড়িয়ে দিতে চাইছে। তিনি ইরাক সরকারের প্রতি আহ্বান জানান, যাতে তারা রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং দেশের ভেতরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এছাড়া তিনি সতর্ক করে বলেন, দেশের ভেতরে ও বাইরে সক্রিয় ‘ঘুমন্ত সন্ত্রাসী চক্র’ সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। দীর্ঘদিনের সংঘাত ও যুদ্ধের কারণে ইরাকের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিবেশী দেশগুলোর প্রতিও শান্তি ও পুনর্মিলনের আহ্বান জানান আল-সদর। তিনি এমন একটি মধ্যপ্রাচ্য কল্পনা করেন, যেখানে বিদেশি সামরিক ঘাঁটি ও আধিপত্য থাকবে না।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব-এর যৌথ হামলায় অন্তত ২০ জন নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই অবস্থায় ইরাকের জন্য ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
কসমিক ডেস্ক