ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর এলাকায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি ব্রিজ চার বছর পার হলেও এখনো জনসাধারণের কাজে আসেনি। কারণ, ব্রিজটির দুই পাশে এখনো সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ফলে যানবাহন চলাচল তো দূরের কথা, সাধারণ মানুষকেও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ২০২২ সালে ব্রিজটির নির্মাণকাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি কার্যত অচল হয়ে রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, কৃষক, রোগী, বয়স্ক ব্যক্তি এবং কর্মজীবী মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানির কারণে ব্রিজের দুই প্রান্ত দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, ব্রিজ নির্মাণের পর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের যে আশা তৈরি হয়েছিল, সংযোগ সড়ক না থাকায় তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘ চার বছরেও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ না হওয়ায় সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২০২২ সালে চরভদ্রাসন উপজেলা প্রকৌশল দপ্তরের অধীনে ব্রিজটির নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয় এবং স্থানীয় ঠিকাদার ফরিদ মোল্লা কাজটি বাস্তবায়ন করেন।
চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির বলেন, ব্রিজটি নির্মাণের পর এলাকাবাসীর মধ্যে ব্যাপক আশার সৃষ্টি হয়েছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় মানুষ এর কোনো সুফল পাচ্ছে না। তিনি দ্রুত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে, চরভদ্রাসন উপজেলা প্রকৌশলী নাজনীন চৌধুরী জানান, তিনি সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিষয়টি আগে জানতেন না। এখন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রিজটির দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সংযোগ সড়ক নির্মাণ করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি প্রকৃত অর্থেই জনসাধারণের কাজে আসবে।
কসমিক ডেস্ক