টেকনাফে মালয়েশিয়াগামী নৌকা থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানবপাচারকারী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

টেকনাফে মালয়েশিয়াগামী নৌকা থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানবপাচারকারী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
টেকনাফে মালয়েশিয়াগামী নৌকা থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানবপাচারকারী ছবির ক্যাপশন: টেকনাফে মালয়েশিয়াগামী নৌকা থেকে ৫০ জন উদ্ধার, আটক ৯ মানবপাচারকারী

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী একটি নৌকা থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুরে টেকনাফ কোস্ট গার্ড স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকিন সিদ্দিকী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, টেকনাফ স্টেশন, শাহপরীর দ্বীপ আউটপোস্ট এবং বাহারছড়া আউটপোস্টের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশ অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়া উপকূল সংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌকাটি আটক করতে সক্ষম হন।

তল্লাশির সময় নৌকা থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং মানবপাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট ৯ জনকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন রোহিঙ্গা নাগরিক এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফ এলাকায় নিয়ে আসত। এরপর তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হতো।

পরে সুযোগ বুঝে এসব ব্যক্তিকে সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এছাড়া উদ্ধার হওয়া কয়েকজনের কাছ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবপাচার প্রতিরোধ এবং উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিএনপির জয়ে অভিনন্দন জানাল ঢাকার মার্কিন দূতাবাস

বিএনপির জয়ে অভিনন্দন জানাল ঢাকার মার্কিন দূতাবাস