চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের এলাইপুর মধ্য বাজারে হেলাল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে এলাকার দুস্থ, অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়।
ক্যাম্পে শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। নিউ ভিশন আই কেয়ার সেন্টারের অভিজ্ঞ চক্ষু চিকিৎসক আল ইমরানের নেতৃত্বে একটি চিকিৎসক দল রোগীদের বিভিন্ন ধরনের চোখের সমস্যা পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাপত্র দেন।
চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে এই সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় রোগীদের মধ্যে শেফালী বেগম জানান, কয়েক দিন ধরে তিনি ঝাপসা দেখছিলেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলেও ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পেয়েছেন। আরেক রোগী ফয়জন বেগমও দরিদ্র মানুষের জন্য এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন।
হেলাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. হেলাল উদ্দীন বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষের চোখের আলো নিভে না যায়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কসবা ইউনিয়নসহ পুরো উপজেলায় সংগঠনটির সেবামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইজুদ্দীন টুনু মাস্টার। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার এবং তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের জন্য হেলাল ফাউন্ডেশনের এ উদ্যোগকে তিনি মানবিক কাজের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি রাহেমা বেগমও হেলাল ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় বাসিন্দারা হেলাল ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি