চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী প্রশাসনকে জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দলীয়ভাবে বন্যাদুর্গতদের সহায়তায় বিএনপির নেতাকর্মীদের সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।
মাহদী আমিন জানান, বন্যাকবলিত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় আড়াই হাজার মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে, যাতে দুর্গত মানুষের খাদ্যসংকট মোকাবিলা করা যায়।
তিনি বলেন, প্রশাসনসহ রাষ্ট্রের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দুর্গত এলাকায় ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।
এ সময় মাহদী আমিন আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। দুর্যোগ মোকাবিলায় সরকারি কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কসমিক ডেস্ক