থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। জরুরি পরিস্থিতির কারণে বিমানের সামনের ল্যান্ডিং গিয়ার বা নোজ গিয়ার ভেঙে গেলে বিমানটি রানওয়েতেই আটকে পড়ে। তবে দ্রুত উদ্ধার তৎপরতার মাধ্যমে বিমানে থাকা ১৩৩ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
বুধবার হায়দরাবাদ থেকে থাইল্যান্ডের ফুকেটগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট অবতরণের সময় এই ঘটনা ঘটে। বিমানটি ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ নোটাম (নোটিস টু এয়ার মিশন) জারি করে কয়েক ঘণ্টার জন্য রানওয়ে বন্ধ ঘোষণা করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অবতরণের সময় বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সামনের ল্যান্ডিং গিয়ার ভেঙে যায়। এতে বিমানটি রানওয়ের ওপর কিছু দূর পর্যন্ত পিছলে যায়।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, বিমানের সামনের অংশ নিচের দিকে ঝুঁকে আছে এবং নোজ হুইলটি রানওয়ের ওপর ভেঙে পড়ে রয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও জরুরি বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তারা যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিমানের ভেতর থেকে সবাইকে বের করে আনেন।
পরে যাত্রীদের বিমানবন্দরের নির্ধারিত অপেক্ষা কক্ষে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, এই দুর্ঘটনায় কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
বিমান চলাচল নিরাপত্তার ক্ষেত্রে নোজ হুইল বা সামনের ল্যান্ডিং গিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বিমানের সামনের অংশকে সমর্থন দেয় এবং উড্ডয়ন ও অবতরণের সময় বিমানের দিকনির্দেশ নিয়ন্ত্রণে সহায়তা করে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক মুখপাত্র জানান, ১১ মার্চ পরিচালিত হায়দরাবাদ-ফুকেট ফ্লাইটটি অবতরণের সময় নোজ হুইলে একটি সমস্যা দেখা দেয়। তবে বিমানের ক্রু সদস্যরা সব ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে পরিস্থিতি সফলভাবে সামাল দেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ফ্লাইট আইএক্স ৯৩৮ নির্ধারিত সময় সকাল ৬টা ২০ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৪২ মিনিটে ভারতের হায়দরাবাদ থেকে উড্ডয়ন করে।
পরে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। অবতরণের কিছুক্ষণ পর, প্রায় ১১টা ৫৫ মিনিটের দিকে বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেন যে জরুরি অবতরণের সময় বিমানের সামনের ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরবর্তীতে ক্ষতিগ্রস্ত নোজ হুইল সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানবন্দরের রানওয়ে পুনরায় চালু করা হয়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং দুর্ঘটনার কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করার কথা জানিয়েছে।
কসমিক ডেস্ক