ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ২২ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, মিরপুরে ১১২ জন, গুলশানে ৩৫ জন এবং উত্তরা বিভাগে ৫৩ জন রয়েছেন।
অভিযানের সময় পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি। পাশাপাশি ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা ট্যাবলেট, প্যাথেডিন ইনজেকশন গ্রহণের ১৮টি সিরিঞ্জ, ২৪টি সিরিঞ্জের সুই এবং ইয়াবা সেবনের আটটি ফয়েল পেপার উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া চার হাজার ২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল ফোন, পাঁচটি নিষিদ্ধ লিফলেট, দুটি কার্ড, একটি পুরোনো বই, একটি খাতা এবং ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়েছে। অভিযানে গাঁজা সেবনের কলকি, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের কর্ক এবং ৩০টি চেতনানাশক অ্যান্টিভেন ট্যাবলেটও জব্দ করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, অভিযানে একজন ভিকটিম এবং একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও দুটি সিএনজিও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি বলছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা আলামত ও মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক