দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে। তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
তপশিল ঘোষণার পর থেকেই নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় নেতাকর্মীদের একটি অংশ রাষ্ট্রপতি পদে তার মনোনয়নের প্রত্যাশা করছেন বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
তবে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। পাশাপাশি বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং অবসরে যাওয়া প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
রাষ্ট্রপতি পদে শেষ পর্যন্ত কাকে মনোনয়ন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন, সংলাপ এবং দেশি-বিদেশি পর্যায়ে বিএনপির অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ কারণে সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ পদে তার নাম নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় পরিবর্তন আসতে পারে। দলীয় সিদ্ধান্ত এবং মনোনয়নপত্র দাখিলের পরই বিষয়টি স্পষ্ট হবে। ফলে আগামী কয়েকদিন দেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে আলোচনা আরও বাড়তে পারে।
কসমিক ডেস্ক