সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া ব্যক্তিগত ভিডিওর ঘটনায় নতুন একটি বিষয় সামনে এসেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মের সঙ্গে বয়সের পার্থক্য, যা কাবিননামার তথ্য অনুযায়ী ৫৭ বছর।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজী নজরুল ইসলামের জন্ম ১৯৫১ সালের ২১ মে। অন্যদিকে তার কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মের জন্ম ২০০৮ সালের ২২ মে। সেই হিসাবে তাদের বয়সের ব্যবধান দাঁড়ায় ৫৭ বছর।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলাম ও এক তরুণীর একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রথমদিকে তিনি দাবি করেছিলেন, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে পরে একটি ফ্যাক্ট-চেকিং সংস্থা ভিডিওটি আসল বলে জানায়।
পরবর্তীতে গাজী নজরুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি দাবি করেন, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মরিয়ম খাতুনের নামে একটি বায়োডাটা ভাইরাল হয়েছে। সেখানে ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর ও সুপারিশ রয়েছে বলে দেখা যায়। তবে ওই বায়োডাটায় বৈবাহিক অবস্থার স্থানে ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
সমালোচকদের প্রশ্ন, যদি ১৭ জুন তাদের বিয়ে হয়ে থাকে, তাহলে ২২ জুনের সুপারিশকৃত বায়োডাটায় কেন মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা ছিল। তবে এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বা তার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
কসমিক ডেস্ক