অবশেষে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

অবশেষে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
অবশেষে তুর্কি ক্লাব ট্রাবজোনস্পরে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ ছবির ক্যাপশন:

দীর্ঘ নয় বছরের সফল অধ্যায়ের পর লিভারপুলকে বিদায় জানিয়ে নতুন গন্তব্যের পথে হাঁটছেন মিসরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ইউরোপীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তুরস্কের সুপার লিগের ক্লাব ট্রাবজোনস্পর-এর সঙ্গে তার চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ক্লাবটিও এক বিবৃতিতে জানিয়েছে, সালাহকে দলে ভেড়ানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন।

জানা গেছে, বুধবার ইস্তাম্বুলে পৌঁছানোর পর ট্রাবজোন শহরে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন সালাহ। এরপর আনুষ্ঠানিকভাবে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করবেন তিনি। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কোনো ট্রান্সফার ফি ছাড়াই ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে নিচ্ছে ট্রাবজোনস্পর।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেন সালাহ। এরপর অ্যানফিল্ডে কাটানো সময়টা ছিল অসাধারণ সাফল্যে ভরা। ক্লাবটির জার্সিতে ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করে তিনি লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারে পরিণত হন।

এই সময়ে লিভারপুলের হয়ে তিনি জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, লিগ কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ। ব্যক্তিগত অর্জনের তালিকায় রয়েছে প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট চারবার জয়ের কীর্তিও।

লিভারপুল ছাড়ার পর তাকে ঘিরে সৌদি প্রো লিগ ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এ যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই মিসরীয় তারকা। ট্রাবজোনস্পরের ইউরোপা লিগে খেলার সুযোগ এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণের আগ্রহই তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

গত মৌসুমে লিভারপুলে সালাহর পারফরম্যান্স আগের মতো ধারাবাহিক ছিল না। ফর্মের ওঠানামার কারণে কয়েকটি ম্যাচে তাকে বেঞ্চ থেকেও শুরু করতে হয়েছিল। এরপর থেকেই ক্লাব ছাড়ার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়।

ক্লাব ফুটবলের নতুন অধ্যায় শুরু করতে যাওয়া সালাহ সম্প্রতি জাতীয় দলের হয়েও সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তার নেতৃত্বে মিসর ২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয়, যা দেশটির ফুটবল ইতিহাসে একটি উল্লেখযোগ্য অর্জন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে ডোবায় পাওয়া গেল সাবেক ছাত্রলীগ নেতার লাশ

নরসিংদীতে ডোবায় পাওয়া গেল সাবেক ছাত্রলীগ নেতার লাশ