আক্কেলপুরে ওএমএস বিতরণে ধীরগতি, নজরদারি জোরদারের দাবি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আক্কেলপুরে ওএমএস বিতরণে ধীরগতি, নজরদারি জোরদারের দাবি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
আক্কেলপুরে ওএমএস বিতরণে ধীরগতি, নজরদারি জোরদারের দাবি ছবির ক্যাপশন:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সরকারের খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায় চাল ও আটা সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জনবল সংকটের কারণে দুটি বুথের পরিবর্তে একটি বুথ থেকে বিক্রয় কার্যক্রম পরিচালিত হওয়ায় প্রতিদিনই দীর্ঘ সারির সৃষ্টি হচ্ছে। এতে দিনমজুরদের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি গৃহিণীদের দৈনন্দিন কাজও ব্যাহত হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, সকাল থেকেই নারী ও পুরুষের জন্য পৃথক সারি থাকলেও বিক্রয় কার্যক্রম চলছে মাত্র একটি বুথে। দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত অনেকেই চাল-আটা সংগ্রহ করতে পারেননি। তীব্র গরমের পাশাপাশি থেমে থেমে বৃষ্টিও অপেক্ষমাণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।

উপকারভোগী জোসনা বেওয়া জানান, সকাল ৮টার দিকে লাইনে দাঁড়িয়েও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তিনি চাল-আটা পাননি। দীর্ঘ সময় অপেক্ষা করায় বাড়ির কাজও করতে পারেননি। একই ধরনের অভিযোগ করেন মানিকপাড়া গ্রামের রহিমা বিবি। তিনি বলেন, সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুর পর্যন্ত খাদ্যপণ্য পাননি।

ভ্যানচালক রেজাউল ইসলাম বলেন, দীর্ঘ লাইনের কারণে অপেক্ষা করলে সেদিন আর আয়-রোজগার করা সম্ভব হয় না। তাই অনেক সময় চাল-আটা না নিয়েই ফিরে যেতে হয়।

উপকারভোগীদের অভিযোগ, কিছু ব্যক্তি নিয়মিত ওএমএস থেকে চাল-আটা কিনে বাইরে বেশি দামে বিক্রি করেন। এতে প্রকৃত নিম্ন আয়ের মানুষ অনেক সময় কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ বিষয়ে কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন।

খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জুলাই থেকে সপ্তাহে পাঁচ দিন (রবিবার থেকে বৃহস্পতিবার) প্রতিদিন সকাল ৯টা থেকে দুই টন চাল ও দুই টন আটা বিক্রি করা হচ্ছে। একজন উপকারভোগী ২৭০ টাকায় পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা কিনতে পারেন। প্রতিদিন প্রায় ৪০০ জন এ সুবিধা পান।

আক্কেলপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মো. মাহবুব হোসেন জানান, নির্দেশনা অনুযায়ী দুটি বুথে বিক্রির কথা থাকলেও জনবল সংকটের কারণে বর্তমানে একটি বুথ থেকেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া নিয়মিত চাল-আটা কিনতে আসা কয়েকজনকে চিহ্নিত করে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় উপজেলা প্রশাসন সহযোগিতা করছে। ইতোমধ্যে অনিয়মে জড়িত কয়েকজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। প্রয়োজন হলে ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অধ্যক্ষের অডিও ভাইরাল

ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, অধ্যক্ষের অডিও ভাইরাল