শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকি ব্যবহারের ভিডিও ভাইরাল The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকি ব্যবহারের ভিডিও ভাইরাল

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকি ব্যবহারের ভিডিও ভাইরাল ছবির ক্যাপশন:

রাজধানীর উত্তরায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে ওয়াকিটকি ব্যবহার করতে দেখা গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) উত্তরার সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, আন্দোলনস্থলে উপস্থিত এক শিক্ষার্থী হাতে ওয়াকিটকি নিয়ে যোগাযোগ করছেন। তবে সেটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল বা কার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এদিকে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল—‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে’ এবং ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’।

আন্দোলনে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ অভিযোগ করেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে বহু শিক্ষার্থী ভোগান্তির শিকার হয়েছেন। তার দাবি, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে এবং আবহাওয়ার কারণে যারা পদার্থবিজ্ঞান ও হিসাববিজ্ঞান পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে।

সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে চাপে পড়েছেন। তিনি অভিযোগ করেন, অনেক শিক্ষার্থীর মতে সিলেবাস সম্পূর্ণ শেষ হওয়ার আগেই পরীক্ষা নেওয়া হয়েছে, যা তাদের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে।

এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দেন। তাদের দাবিগুলো হলো—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ।

ওয়াকিটকি ব্যবহারের ভিডিওটি সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিলেও, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স