বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের সাফল্য, টানা পঞ্চমবার দ্বিতীয় The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের সাফল্য, টানা পঞ্চমবার দ্বিতীয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের সাফল্য, টানা পঞ্চমবার দ্বিতীয় ছবির ক্যাপশন:

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫-এ টানা পঞ্চমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। দেশের শিল্পখাত নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও এই অর্জন রপ্তানি খাতের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক পোশাক রপ্তানিতে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে চীন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ, তৃতীয় স্থানে ভিয়েতনাম, চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়লেও বাংলাদেশ নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের রপ্তানি প্রায় ২ বিলিয়ন ডলার বেশি। তবে প্রবৃদ্ধির দিক থেকে ভিয়েতনাম দ্রুত এগিয়ে যাচ্ছে। যেখানে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ছিল প্রায় ১ শতাংশ, সেখানে ভিয়েতনামের প্রবৃদ্ধি পৌঁছেছে প্রায় ১১ শতাংশে

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হলেও প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। ভিয়েতনামের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়াও তৈরি পোশাক রপ্তানিতে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। ফলে ভবিষ্যতে দ্বিতীয় অবস্থান ধরে রাখা বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জিং হতে পারে।

অর্থনীতিবিদ মাহফুজ কবির বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক রাখতে উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও অটোমেশনের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং নতুন বাজারে প্রবেশের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, অবকাঠামো উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদন বাড়াতে পারলে বিশ্ব পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
শ্রমিকসেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল উদ্যোগ-শ্রমমন্ত্রীর

শ্রমিকসেবায় স্বচ্ছতা আনতে ডিজিটাল উদ্যোগ-শ্রমমন্ত্রীর