ঢাকা উত্তর সিটি করপোরেশন (Dhaka North City Corporation) রাজধানীর কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক বাসস্থান ও উন্নত নগর সুবিধা গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চারটি পৃথক কমিটি গঠন করা হয়েছে।
ডিএনসিসির সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থাটির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান একটি অফিস আদেশের মাধ্যমে প্রকল্প সমন্বয়, মনিটরিং ও পরামর্শক টিমসহ মোট চারটি কমিটির অনুমোদন দিয়েছেন। এসব কমিটির দায়িত্ব হবে প্রকল্পের বাস্তবায়ন তদারকি, কারিগরি দিক নির্ধারণ, প্রস্তাব মূল্যায়ন এবং পরামর্শক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা।
এর আগে ডিএনসিসি রাজধানীর তিনটি বড় বস্তি এলাকায় বহুতল ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও হাসপাতালসহ সমন্বিত নগর অবকাঠামো গড়ে তোলার একটি মহাপরিকল্পনা গ্রহণ করে। এই প্রকল্পে বস্তিবাসীর সঠিক তালিকা তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিক ডাটাবেস তৈরির পরিকল্পনাও রয়েছে, যাতে প্রকৃত সুবিধাভোগীরা নির্ধারণ করা যায়।
সরকার ইতোমধ্যে কড়াইল, সাততলা ও ভাষানটেক এলাকায় “স্যাটেলাইট টাইপ সিটি” গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে আধুনিক আবাসন ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও ধর্মীয় সুবিধাও থাকবে। এই প্রকল্পে জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ মডেলসহ উন্নত দেশের নগর পুনর্বাসন নীতিকে অনুসরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, সফলভাবে এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় বসবাসের মান উন্নত হবে এবং নগর ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে।
কসমিক ডেস্ক