গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ আগস্ট) রাতে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে সোমবার (৩ আগস্ট) সকালে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সোহেল পূর্ব আরিচপুর গার্লস স্কুল রোড এলাকার জনৈক কামারুজ্জামানের বাড়িতে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর স্থানীয় বাসিন্দারা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ তাকে আদালতে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনি কার্যক্রম পরিচালিত হবে।
কসমিক ডেস্ক