নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
নোয়াখালীতে যুবদল-ছাত্রশিবির সংঘর্ষ ছবির ক্যাপশন:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে যুবদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে দিনার দোকান এলাকায় সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠলেও এ ঘটনায় দুই পক্ষই একে অপরকে দায়ী করেছে।

আহতদের মধ্যে রয়েছেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক প্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন আগে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সন্ধ্যায় শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে যুবদলের নেতাকর্মীরা আটক করেন। পরে বিষয়টির সমাধানের লক্ষ্যে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়ার উদ্যোগে উভয় পক্ষের প্রতিনিধিদের আলোচনার জন্য ডাকা হয়।

জামায়াতের স্থানীয় নেতাদের দাবি, আলোচনায় অংশ নিতে যাওয়া ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। অন্যদিকে বিএনপির নেতারা অভিযোগ করেন, বহিরাগতদের নিয়ে এসে শিবিরের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং বিএনপির কার্যালয় ও একটি দোকানে ভাঙচুর চালায়।

রাতের দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, সংঘর্ষে বিএনপির দুইজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানে যুদ্ধ পরিস্থিতিতে স্টারলিংক নিষিদ্ধ, ব্যবহারকারীদের বি

ইরানে যুদ্ধ পরিস্থিতিতে স্টারলিংক নিষিদ্ধ, ব্যবহারকারীদের বি