কারাগার থেকে মুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কারাগার থেকে মুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
কারাগার থেকে মুক্ত পেরুর সাবেক প্রেসিডেন্ট ছবির ক্যাপশন:

পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালার বিরুদ্ধে দেওয়া ১৫ বছরের কারাদণ্ড বাতিল করেছে দেশটির সাংবিধানিক আদালত। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে চলমান পুরো ফৌজদারি মামলার কার্যক্রমও বাতিল ঘোষণা করা হয়েছে। আদালতের এ রায়ের পর শুক্রবার (৩১ জুলাই) রাতে রাজধানী লিমার বারবাদিয়ো কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

ওলান্তা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে একটি নিম্ন আদালত তাঁকে অর্থ পাচারের মামলায় দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেন। অভিযোগ ছিল, ২০০৬ ও ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের জন্য তিনি ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট উগো চাভেজ এবং ব্রাজিলভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান ওডেব্রেখটের কাছ থেকে অবৈধ অর্থ গ্রহণ করেছিলেন।

রায় ঘোষণার পর থেকেই হুমালা অভিযোগ অস্বীকার করে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। পরে বিষয়টি সাংবিধানিক আদালতে গড়ায়। শুনানি শেষে আদালত রায় দেয় যে, তাঁর বিরুদ্ধে পরিচালিত ফৌজদারি কার্যক্রম বাতিল করা হবে। হুমালার আইনজীবী হুলিও এস্পিনোজা গোয়েনা বলেন, আদালতের মতে নির্বাচনী প্রচারণার জন্য গ্রহণ করা অর্থ অর্থ পাচারের অপরাধ হিসেবে গণ্য হয় না। এখন মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ করার দায়িত্ব সংশ্লিষ্ট ফৌজদারি আদালতের।

কারামুক্ত হওয়ার পর ওলান্তা হুমালা সাংবাদিকদের বলেন, তিনি ও তাঁর পরিবার রাজনৈতিক ও বিচারিক হয়রানির শিকার হয়েছেন। এ সময় কারাগারের বাইরে উপস্থিত সমর্থকেরা তাঁকে স্বাগত জানান।

এই মামলায় হুমালার স্ত্রী নাদিন এরেদিয়াকেও ২০২৫ সালে অর্থ পাচারের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে রায়ের পর তিনি ব্রাজিলের দূতাবাসে আশ্রয় নেন এবং পরে ব্রাজিলে যাওয়ার অনুমতি পান।

ওলান্তা হুমালা ছিলেন পেরুর চার সাবেক প্রেসিডেন্টের একজন, যাদের নাম ওডেব্রেখট দুর্নীতি কেলেঙ্কারিতে উঠে আসে। এ কেলেঙ্কারিকে বিশ্বের অন্যতম বৃহৎ করপোরেট ঘুষ ও দুর্নীতির ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। এই মামলার সূত্র ধরে পেরুর আরও কয়েকজন সাবেক প্রেসিডেন্ট আইনি তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন