ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি রাজধানীর শুটিং ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ব্যক্তিজীবন, বিয়ে, গ্রেপ্তারের অভিজ্ঞতা, চলমান আইনি লড়াই এবং শিল্পীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
বিয়ে ও ব্যক্তিজীবন প্রসঙ্গে পরীমনি বলেন, মানুষ যেন তাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তাঁর ভাষায়, ‘আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।’ সাম্প্রতিক সময়ে তাঁর ব্যক্তিজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রেক্ষাপটেই এ মন্তব্য করেন তিনি।
নিজের গ্রেপ্তারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরীমনি জানান, জেল থেকে মুক্তি পাওয়ার পর দীর্ঘ সময় এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তিনি বলেন, সত্যকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না এবং সময়ের সঙ্গে তা প্রকাশ পায়। তাঁর দাবি, গ্রেপ্তারের সময় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এমনকি তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা কিংবা বাসায় তল্লাশির অনুমতিও ছিল না বলে তিনি অভিযোগ করেন।
চলমান আইনি প্রক্রিয়া নিয়ে পরীমনি বলেন, তিনি কখনো রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেননি। বরং আদালত ও আইনের প্রতি পূর্ণ আস্থা রেখেই বিচারিক প্রক্রিয়ার অপেক্ষা করছেন। তাঁর বিশ্বাস, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে একদিন তিনি নির্দোষ প্রমাণিত হবেন এবং সম্মান ফিরে পাবেন।
শিল্পীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, শুধু শিল্পী নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রিকশাচালক থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ যেন হয়রানি ও অনিরাপত্তার শিকার না হন, সেই পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
কসমিক ডেস্ক