মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগ-এর সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাদের হাতে বহুবার হাতকড়া লেগেছে। আমরা হাতকড়াকে নববধূর চুড়ির মতো মনে করি।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন। হাতকড়া পরানোর বিষয়ে প্রশ্ন করা হলে কাদের সিদ্দিকী বলেন, এ নিয়ে তার কোনো আপত্তি নেই। অতীতের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাদের হাতেও বহুবার হাতকড়া পরানো হয়েছে এবং এটিকে তারা অসম্মানের বিষয় হিসেবে দেখেন না।
তবে বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীকে তিনি একজন ‘নিষ্পাপ মানুষ’ বলে দাবি করেন। কাদের সিদ্দিকীর ভাষ্য, একজন সম্মানিত ব্যক্তির সঙ্গে সম্মানজনক আচরণ করা উচিত। তিনি আরও অভিযোগ করেন, আদালতে লতিফ সিদ্দিকী নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাননি। যদিও এ অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, তার ভাইয়ের বয়স এখন ৮৭ বছর। তিনি বলেন, যদি এমন কোনো অপরাধের দায়ে—যা তার মতে তিনি করেননি—ফাঁসিও হয়, সেটিও তারা মেনে নেবেন।
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ-পরবর্তী ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় লতিফ সিদ্দিকীকে পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে—এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, সে সময় তার ভাই ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না; তিনি তখন পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
কসমিক ডেস্ক