চিকিৎসকদের সিদ্ধান্তে আপাতত দেশে থাকছেন মির্জা আব্বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

চিকিৎসকদের সিদ্ধান্তে আপাতত দেশে থাকছেন মির্জা আব্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2026 ইং
চিকিৎসকদের সিদ্ধান্তে আপাতত দেশে থাকছেন মির্জা আব্বাস ছবির ক্যাপশন:

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক অবস্থা এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো উপযুক্ত নয়।

শুক্রবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, আপাতত মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষ থেকেও দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রাখা হয়েছে। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে।

ডা. রফিকুল ইসলাম আরও জানান, শুক্রবার মির্জা আব্বাসের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতি নেওয়ার পর বিকেল ৩টা ১০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

এর আগে জুমার নামাজের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকরা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার চিকিৎসার সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

এদিকে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জে জমি মামলা ঘিরে ককটেল নিক্ষেপ

চাঁপাইনবাবগঞ্জে জমি মামলা ঘিরে ককটেল নিক্ষেপ