কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামে কথিত আরসা (ARSA) সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোররাত সাড়ে ৩টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এপিবিএন সূত্রে জানা যায়, ভোররাতে জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।
গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এমএসএফ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত জুবায়েরের বাড়ি ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে। তার বাবার নাম রহমত উল্লাহ বলে জানিয়েছে পুলিশ।
১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কথিত আরসা ও আরএসও-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের মধ্যে চলমান অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
ঘটনার পর ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রমও চলমান রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক