চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় গভীর রাতে রাউজানের এক ব্যবসায়ীকে বহনকারী চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি চালানোর ঘটনা ঘটেছে। হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ অক্ষত রয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারসংলগ্ন চারা বটতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার (২৯ জুলাই) হাটহাজারী থানায় মামলা দায়ের করেন এস এম শহীদুল্লাহ। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা এবং বিএনপি নেতা এস এম শফির ছেলে। রাউজান এলাকায় তার একাধিক ইটভাটার ব্যবসা রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়িক কাজ শেষে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে নিজের এসইউভি চালিয়ে ফিরছিলেন শহীদুল্লাহ। ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ব্যর্থ হয়ে হামলাকারীরা গাড়ি লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়ে।
গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কেউ হতাহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার শিকার ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ দাবি করেন, সম্প্রতি একাধিকবার তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। তার অভিযোগ, ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাকে টার্গেট করে আসছে। এর আগেও তার বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ব্যবসায়িক বিরোধের জেরেই এ হামলা হয়েছে এবং ঘটনার বিচার চেয়ে তিনি থানায় মামলা করেছেন।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
কসমিক ডেস্ক