এক দশক পরও সমান জনপ্রিয় ‘যে পাখি ঘর বোঝেনা’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এক দশক পরও সমান জনপ্রিয় ‘যে পাখি ঘর বোঝেনা’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
এক দশক পরও সমান জনপ্রিয় ‘যে পাখি ঘর বোঝেনা’ ছবির ক্যাপশন:

সময়ের পরীক্ষায় টিকে থাকা কিছু গানই প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়। তেমনই একটি গান যে পাখি ঘর বোঝেনা, যা কণ্ঠ দিয়েছেন ধ্রুব গুহ। প্রকাশের প্রায় এক দশক পর ইউটিউবে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ভিউ অতিক্রম করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে গানটি।

২০১৫ সালের ১৮ জুলাই প্রকাশের পর থেকেই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে সঙ্গে অনেক গান হারিয়ে গেলেও ‘যে পাখি ঘর বোঝেনা’ তার আবেদন ধরে রেখেছে। বরং নতুন প্রজন্মের কাছেও সমানভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে, যা বাংলা গানের জন্য একটি বড় অর্জন।

গানটির কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি এবং সংগীতায়োজন করেছেন তারিক আল ইসলাম। আবেগময় কথামালা, সুরের মাধুর্য এবং ধ্রুব গুহর স্বতন্ত্র কণ্ঠের সমন্বয় গানটিকে দীর্ঘদিন জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।

গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে অভিনয় করেছেন তারেকতারিন। গল্পনির্ভর নির্মাণ ও নান্দনিক চিত্রায়ণের কারণে ভিডিওটি শুরু থেকেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে ধ্রুব গুহ বলেন, একটি গান যখন বছরের পর বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকে, সেটিই একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, তাদের ভালোবাসাই তাকে নতুন গান তৈরির অনুপ্রেরণা দেয়।

বাংলা গানের ডিজিটাল অঙ্গনে ১০০ মিলিয়ন ভিউ অতিক্রম করা গান এখনো খুব বেশি নয়। সেই তালিকায় ‘যে পাখি ঘর বোঝেনা’-র অন্তর্ভুক্তি শুধু ধ্রুব গুহর ক্যারিয়ারের বড় সাফল্যই নয়, বরং বিশ্বজুড়ে বাংলা গানের জনপ্রিয়তারও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী

নাইজেরিয়ায় বিমান দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী