সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর চৌধুরী)-কে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পক্ষের আইনজীবী এস. এম. আবুল কালাম (আজাদ)।
আদালত সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন। নির্ধারিত দিনেই মামলার রায় ঘোষণা করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, এস কে সুরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদের অভিযোগ ওঠার পর দুদক তাকে নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা সব ধরনের স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য ২১ কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়।
তবে নির্ধারিত সময়সীমা শেষ হলেও তিনি সম্পদের হিসাব বিবরণী দাখিল করেননি। এ অভিযোগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। একই বছরের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত ৭ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ, নথিপত্র পর্যালোচনা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এস কে সুরকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ডের রায় দেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদক এস কে সুরকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
কসমিক ডেস্ক