ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থা সামিদুন দাবি করেছে, গত দুই দিনে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। সংস্থাটির ভাষ্য, সাম্প্রতিক সহিংস ঘটনার পর পরিচালিত ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই এসব আটক করা হয়েছে।
সামিদুনের তথ্য অনুযায়ী, অভিযানের মূল কেন্দ্র ছিল নাবলুস, তুলকারেম ও হেবরন এলাকা। এসব স্থানে ইসরায়েলি বাহিনী বাড়িঘরে তল্লাশি চালায় এবং বিভিন্ন ব্যক্তিকে আটক করে।
সংস্থাটি অভিযোগ করেছে, অভিযানের সময় বাড়িঘরে ভাঙচুর ও সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিদের খোলা স্থানে জিজ্ঞাসাবাদের সময় তাদের মারধরের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে।
সামিদুন আরও অভিযোগ করেছে, কয়েকটি অভিযানে ইসরায়েলি সামরিক বাহিনীর নিরাপত্তায় থাকা সশস্ত্র বসতি স্থাপনকারীরাও অংশ নিয়েছেন। সংস্থাটির মতে, এসব অভিযান ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘সম্মিলিত শাস্তি’ এবং ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ হিসেবে পরিচালিত হচ্ছে।
এ ঘটনায় পশ্চিম তীরের ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘ, আন্তর্জাতিক রেড ক্রস এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সামিদুন।
অন্যদিকে, প্রকাশিত প্রতিবেদনে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া উল্লেখ করা হয়নি।
কসমিক ডেস্ক