ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ভাড়া নিয়ে দু’দফা সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ভাড়া নিয়ে দু’দফা সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ভাড়া নিয়ে দু’দফা সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ ছবির ক্যাপশন:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দড়িয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি স্পিডবোট ঘাটে তিন বছরের এক শিশুর কাছ থেকে ভাড়া দাবি করাকে কেন্দ্র করে দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ও সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, শুক্রবার বিকেলে এক যাত্রীর সঙ্গে থাকা তিন বছরের শিশুর কাছে স্পিডবোটের ভাড়া দাবি করেন চালক ইমরান। তবে ঘাটের ইজারাদার ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, ছোট শিশুদের কাছ থেকে ভাড়া নেওয়ার নিয়ম নেই। এ নিয়ে চালক ইমরান ও ঘাট-সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অভিযোগ রয়েছে, চালক ইমরান ঘাটের টোল আদায়কারী বাবুলের ওপর চড়াও হন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং চালককে সেখান থেকে সরিয়ে দেন। এতে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হলেও সন্ধ্যায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সন্ধ্যায় পূর্বপাড়া ২ নম্বর ওয়ার্ডের কবরস্থানসংলগ্ন মসজিদ থেকে এশার নামাজ শেষে বের হওয়ার সময় আসাদুল্লাহ নামের এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, চালক ইমরান ও তার পক্ষের ৭ থেকে ৮ জন আগে থেকেই ওত পেতে ছিলেন এবং তারা আসাদুল্লাহকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনার খবর পেয়ে আসাদুল্লাহর স্বজন ও ঘাট-সংশ্লিষ্ট কয়েকজন পূর্বপাড়া ঈদগাহ মাঠ এলাকায় গেলে সেখানে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। সংঘর্ষ চলাকালে শরীফ নামের এক ব্যক্তি কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি মরিচাকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের তলপেটে লাগে।

প্রাথমিক চিকিৎসার পর জাহাঙ্গীর আলমের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর পুরো মরিচাকান্দি এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পুলিশ পেয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, স্পিডবোটের ভাড়া নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত ট্রাম্পে

ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সমর্থনের ইঙ্গিত ট্রাম্পে