কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনে এক জামায়াত নেতার মালিকানাধীন মৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সন্দেহভাজন সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশের আল বাশারাত মৎস্য প্রজেক্টে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে জিআই পাইপ, ফুয়েল পেপার, সিলেকশন পাথর, দুই শতাধিক খালি জর্দার কৌটা এবং অন্যান্য সরঞ্জাম। স্থানীয়দের দাবি, এসব উপকরণ ককটেল তৈরিতে ব্যবহৃত হতে পারে।
মৎস্য প্রজেক্টটির মালিক ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি বস্তা নিয়ে প্রকল্পে আসা-যাওয়া করছিলেন। বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে কয়েকজন এসে বস্তায় করে কিছু মালামাল নিয়ে যায়। এতে সন্দেহ হলে স্থানীয়রা একটি পরিত্যক্ত ভবনে গিয়ে সন্দেহজনক সরঞ্জাম দেখতে পান এবং থানায় খবর দেন।
খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জব্দ অভিযান পরিচালনা করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
অভিযোগ অস্বীকার করে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান বলেন, এটি একটি ষড়যন্ত্র। তার দাবি, যুব বিভাগের নেতা মামুনকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এ ঘটনা সাজানো হয়েছে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, “খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিআই পাইপসহ বিস্ফোরক তৈরির সন্দেহভাজন সরঞ্জাম উদ্ধার করেছে। তবে বিশেষজ্ঞ পরীক্ষা ছাড়া এগুলো ককটেল তৈরির উপকরণ কি না নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক