শিক্ষক নিয়োগে জালিয়াতির মামলায় মাদরাসা সুপার আটক The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শিক্ষক নিয়োগে জালিয়াতির মামলায় মাদরাসা সুপার আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
শিক্ষক নিয়োগে জালিয়াতির মামলায় মাদরাসা সুপার আটক ছবির ক্যাপশন:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

মাদরাসা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সুপার সাইদুর রহমানের বিরুদ্ধে জাল সনদ ব্যবহার করে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের দায়িত্ব দেয় অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। তদন্ত শেষে সিআইডি আদালতে প্রতিবেদন জমা দেয়। এরপর আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

তবে নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই ভূরুঙ্গামারী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এটি সাইদুর রহমানের বিরুদ্ধে প্রথম অভিযোগ নয়। এর আগেও নিয়োগ জালিয়াতি সংক্রান্ত আরেকটি মামলায় তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এছাড়া নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে তিনি নিজেকে একটি দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন বলেও অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার পরবর্তী আইনি কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
তিন মাস পর পুনরায় চালু হলো ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপা

তিন মাস পর পুনরায় চালু হলো ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপা