দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল আবারও চালু হয়েছে। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে হাসপাতালটির চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় উদ্বোধন করা হয়।
ডানকানস গ্রুপ পরিচালিত ৫০ শয্যার এই দাতব্য হাসপাতালটি শমশেরনগর ও আশপাশের চা-বাগান এলাকার শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জন্য দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। হাসপাতাল পুনরায় চালুর অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং চা-বাগান শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
উল্লেখ্য, গত ২৭ মার্চ একটি চিকিৎসা ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে নিরাপত্তাজনিত কারণে চিকিৎসকরা হাসপাতাল ত্যাগ করলে চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে শমশেরনগর, মাধবপুর, কালিঘাট, পাত্রখোলা, আলীনগরসহ আশপাশের চা-বাগান এলাকার হাজারো মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন।
হাসপাতালটি বন্ধ থাকায় রোগীদের শ্রীমঙ্গল, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মৌলভীবাজার সদর হাসপাতালে যেতে হচ্ছিল, যা স্থানীয় জনগণের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
পুনরায় উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, চা-শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এ হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি চিকিৎসক ও স্থানীয়দের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, চা-বাগান এলাকার মানুষের জন্য হাসপাতালটি অত্যন্ত প্রয়োজনীয়। সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় স্বাস্থ্যসেবা স্বাভাবিক থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিনিধি রণজিৎ চন্দ্র শীল জানান, প্রাথমিকভাবে হাসপাতালের নিয়মিত সেবা চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে এর সেবার পরিধি আরও বাড়ানো হবে।
কসমিক ডেস্ক