ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলো পর্বে মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা জাতীয় দলের একাদশে তিনটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রক্ষণ, মাঝমাঠ এবং আক্রমণ—তিন বিভাগেই একটি করে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আক্রমণভাগ নিয়ে। অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে কে খেলবেন, সেটিই এখন বড় প্রশ্ন। শুরুতে পরিকল্পনা ছিল জুলিয়ান আলভারেজকে একাদশে ফেরানোর, তবে গোড়ালির চোট থেকে তিনি এখনও পুরোপুরি সেরে ওঠেননি।
এই অবস্থায় লাউতারো মার্টিনেজই মেসির সঙ্গী হিসেবে মাঠে নামতে পারেন। যদিও আলভারেজের ফেরার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রক্ষণভাগে লেফট-ব্যাক পজিশনে রয়েছে প্রতিযোগিতা। নিকোলাস তাগলিয়াফিকো এবং ফাকুন্দো মেদিনার মধ্যে একজনকে বেছে নিতে হবে কোচ লিওনেল স্কালোনিকে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে মেদিনার পেশিতে টান লাগে, তাই তিনি পুরোপুরি ফিট না থাকলে তাগলিয়াফিকোই একাদশে জায়গা পেতে পারেন।
মাঝমাঠেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দলকে আরও ভারসাম্য দিতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। এতে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার আরও আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন।
অন্যদিকে, নিকোলাস গঞ্জালেসকে দলে নিলে আক্রমণভাগে গতি বাড়বে। তবে সেক্ষেত্রে থিয়াগো আলমাদাকে একাদশ থেকে বাদ পড়তে হতে পারে।
সব মিলিয়ে বড় কোনো চমকের সম্ভাবনা কম হলেও স্কালোনি শেষ মুহূর্তে কৌশলগত কিছু পরিবর্তন আনতে পারেন। কেপ ভার্দের বিপক্ষে যে দলটি খেলেছে, সেটিকেই ভিত্তি ধরে মিশরের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনাই বেশি।
কসমিক ডেস্ক