নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজনের ভিত্তিতে অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, একটি নির্দিষ্ট কর্মসূচির ভিত্তি কী হবে, সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আগে যেসব নীতিগত বিষয় উপস্থাপন করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করেই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও নীতির প্রতি সম্মান বজায় রেখেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে বা পর্যায়ক্রমে প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়ন করা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যখন যেটা প্রয়োজন হবে, তখন সেটাই করা হবে। ইতোমধ্যে অনেক পরিবর্তন হয়েছে। বাকি পরিবর্তনগুলোও সময় ও প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’
তিনি আরও ইঙ্গিত দেন, অর্থনৈতিক সংস্কার একবারে বাস্তবায়ন করা হবে না। বরং দেশের অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের অগ্রাধিকার এবং নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
কসমিক ডেস্ক