দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। এজন্য একটি নির্ভরযোগ্য, সমন্বিত ও হালনাগাদ তথ্যভাণ্ডার গড়ে তোলা প্রয়োজন, যাতে উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা ভুলের সুযোগ না থাকে।
তিনি আরও নির্দেশনা দেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন—প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে তথ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক