যশোরের শার্শা উপজেলায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে নাহিদ (৪০), যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো. জমাত আলীর ছেলে উষা (৩০)। আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তিনজন একটি মোটরসাইকেলে রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। রুদ্রপুর-গোগা সড়কের সালামের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক নাহিদ ও আরোহী উষা ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত আহত রুবেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। একই সঙ্গে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাক্টর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক