সৈয়দপুর বিমানবন্দরে নগদ ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীনের টাকার উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, বেলাল উদ্দীন দেশের অভ্যন্তরীণ বিমান রুটে ৭৪ লাখ টাকা নগদ বহন করছিলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ রুটে নগদ অর্থ বহনের ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা নেই—তবে নির্বাচনের একদিন আগে এত বড় অঙ্কের অর্থ ঢাকা থেকে ঠাকুরগাঁও নেওয়ার কারণ জনসমক্ষে পরিষ্কার হওয়া প্রয়োজন।
তার বক্তব্য অনুযায়ী, অর্থের উৎস ও প্রাপ্তির মাধ্যম সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া জরুরি। যদি এটি ব্যবসা বা ব্যক্তিগত উপার্জনের অর্থ হয়ে থাকে, তাহলে তার যথাযথ মানিট্রেইল থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জুলকারনাইন সায়ের আরও বলেন, একজন রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতার নির্বাচনের প্রাক্কালে বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের কারণ দ্রুত স্পষ্ট করা প্রয়োজন। তিনি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে জানতে চান, এ ধরনের নগদ অর্থ বহন নির্বাচন আচরণবিধিমালা, ২০২৫-এর ২২(৩) বিধির সঙ্গে সাংঘর্ষিক কি না—সে বিষয়ে কমিশনের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।
এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও তদন্ত প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানানো হয়নি।
ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, অভিযোগ ও প্রশ্নের নিরপেক্ষ তদন্ত এবং আইনগত কাঠামোর আলোকে বিষয়টি পর্যালোচনা করা হলে প্রকৃত চিত্র স্পষ্ট হবে।
কসমিক ডেস্ক