রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় জুলাই আন্দোলনের সময় মো. রিফাত হোসেনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুৎদৌলা তদন্তের স্বার্থে জ্যাকবকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় বাদী মো. রিফাত হোসেন গুলিবিদ্ধ হন। মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করে তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানোর প্রয়োজনীয়তার কথা জানানো হয়। আদালত আবেদনটি মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুর-১০ নম্বর সেকশনে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন রিফাত হোসেন। অভিযোগ রয়েছে, ওইদিন দুপুরে হামলাকারীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তার ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে।
অভিযোগে আরও বলা হয়, গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাকে মারধর করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করে। পরে অন্য আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। প্রায় এক মাস চিকিৎসার পর অস্ত্রোপচারের মাধ্যমে তার পা থেকে গুলি অপসারণ করা হয়।
এদিকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা পৃথক একটি হত্যাচেষ্টা মামলাতেও জ্যাকবকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। তবে সেই আবেদনের বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে ডিবি পুলিশ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
কসমিক ডেস্ক