তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (১৯ জুলাই) সকালে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। আধুনিক সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা সম্পর্কে তিনি সরেজমিনে ধারণা নেবেন।
এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।
সফরে দুই দেশের পারস্পরিক সামরিক সম্পর্ক, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং প্রতিরক্ষা খাতে ভবিষ্যৎ অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইএসপিআর জানিয়েছে, পাঁচ দিনের সরকারি সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরবেন।
কসমিক ডেস্ক