ভিয়েতনামের উত্তরাঞ্চলের লাই চাউ প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত এবং অন্তত চারজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
শনিবার প্রকাশিত ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, পাহাড়ি মুয়ং থান গ্রামে আকস্মিক বন্যার তীব্র স্রোতে অন্তত ১৩টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় আরও প্রায় ১০০টি বাড়ি ভূমিধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা দুর্গম এলাকায় আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। বন্যার তীব্রতায় বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগে শুধু বসতবাড়িই নয়, কৃষিজমি, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় বহু গবাদিপশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে, যা স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক