শাশুড়ির জন্য প্রচারে লন্ডনপ্রবাসী বউমা, জনসভায় উচ্ছ্বাস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শাশুড়ির জন্য প্রচারে লন্ডনপ্রবাসী বউমা, জনসভায় উচ্ছ্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
শাশুড়ির জন্য প্রচারে লন্ডনপ্রবাসী বউমা, জনসভায় উচ্ছ্বাস ছবির ক্যাপশন:

বিলেত থেকে সরাসরি ঠাকুরগাঁওয়ের ভোটের মাঠে হাজির—এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। তবে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিরি এলাকায় সোমবার (৯ ফেব্রুয়ারি) ঠিক এমনই ব্যতিক্রমী চিত্রের সাক্ষী হন স্থানীয়রা। শাশুড়ি যখন সংসদ সদস্য প্রার্থী, তখন তার হয়েই প্রচারণায় নেমেছেন লন্ডনপ্রবাসী পুত্রবধূ ফ্লাভিয়া।

ঠাকুরগাঁও-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নাহার বেগমের পক্ষে আয়োজিত এক নির্বাচনী সভায় উপস্থিত হন ফ্লাভিয়া। ভিন্ন সংস্কৃতি ও ভিন্ন ভাষার মানুষ হয়েও এদিন তিনি নিজেকে উপস্থাপন করেন একেবারে ঘরের মেয়ের মতো।

বক্তব্যের শুরুতেই হাসিমুখে তিনি বলেন, “আই লাইক বাংলাদেশ।” এরপর খানিকটা লাজুক ভঙ্গিতে ভাঙা বাংলায় উপস্থিত জনতার উদ্দেশে অনুরোধ জানান—তার শাশুড়িকে ভোট দেওয়ার জন্য। বিদেশি পুত্রবধূর এমন সরল ও আন্তরিক বক্তব্য শুনে মুহূর্তেই জনসভায় হাসি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

উপস্থিত জনতার উৎসাহে ফ্লাভিয়ার মুখেও ফুটে ওঠে হাসি। স্থানীয়দের অনেকেই বলেন, শাশুড়ির প্রতি তার ভালোবাসা ও আন্তরিকতা তাদের মন ছুঁয়ে গেছে। ফলে এলাকাবাসীর কাছে তিনি আর কেবল একজন বিদেশি নন, বরং আপন পরিবারের সদস্যের মতোই গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারণায় এ ধরনের মানবিক ও ব্যতিক্রমী উপস্থিতি ভোটারদের মনে প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত এই ‘লন্ডনি’ চমক লাঙ্গল প্রতীকের পক্ষে কতটা ইতিবাচক ভূমিকা রাখে, সেটিই এখন দেখার বিষয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে ডাকাতি, দুইজন আটক

নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে ডাকাতি, দুইজন আটক