একসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষাতেও একসঙ্গে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে নাটোরের বড়াইগ্রামের তিন বোন।
তারা হলো তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম সরকার ও গৃহিণী শিল্পী খাতুন দম্পতির সন্তান।
শিক্ষার্থীদের বাবা রেজাউল করিম সরকার জানান, ছোটবেলা থেকেই তিন বোনের লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। তারা নিয়মিত অধ্যয়ন করত এবং একে অপরকে সহযোগিতা করে এগিয়ে গেছে।
তিনি বলেন, আল্লাহর রহমত, স্বজনদের অনুপ্রেরণা, সন্তানদের নিরলস পরিশ্রম এবং শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনার ফলেই তারা এ সাফল্য অর্জন করেছে।
জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, তিন শিক্ষার্থীই ছোটবেলা থেকেই মেধাবী, ভদ্র ও বিনয়ী। তাদের এ অর্জনে বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও তারা আরও ভালো ফল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, বর্তমানে তিন বোনই তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ভবিষ্যতেও এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে বলে তার বিশ্বাস।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একসঙ্গে বৃত্তি অর্জন একটি বিরল ঘটনা। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
কসমিক ডেস্ক