দেশজুড়ে পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের সংকট কমাতে ১০১টি নতুন পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা জাকারিয়া তাহের এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জাকারিয়া তাহের বলেন, সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে বিভিন্ন এলাকার প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, রাজধানীর ফার্মগেট এলাকায় আনোয়ারা উদ্যানে একটি পার্ক নির্মাণ, রামপুরা ও খিলগাঁও উচ্চ বিদ্যালয় এলাকায় তিনটি খেলার মাঠ উন্নয়ন এবং খিলগাঁও পুনর্বাসন এলাকায় ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
গৃহায়ণ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে চট্টগ্রামে দুটি এবং কক্সবাজারে দুটি পার্ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া ঢাকার রমনা পার্কের আধুনিকায়ন শেষ করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ময়মনসিংহ জেলার তারাকান্দায় আরও একটি পার্ক নির্মাণের কাজ চলমান রয়েছে।
তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সরকার পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে যথাযথ পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বহুতল ভবন নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জাকারিয়া তাহের আরও জানান, আধুনিক নগর উন্নয়ন প্রকল্পে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী, জ্বালানি-সাশ্রয়ী প্রযুক্তি, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, স্বতন্ত্র পয়ঃশোধনাগার (এসটিপি) এবং পর্যাপ্ত সবুজায়নের ব্যবহারকে উৎসাহিত করছে সরকার।
কসমিক ডেস্ক