ইরানের এক চিকিৎসক দাবি করেছেন, সাম্প্রতিক মার্কিন হামলায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের একটি শিশু ক্যান্সার হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন হামলার পর ইরানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করছেন। তাদের দাবি, হামলায় একটি বন্দরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানি ওই চিকিৎসক এবং দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আহভাজ শহরের শহীদ বাঘাই হাসপাতালের কাছাকাছি এলাকায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়।
হাসপাতালটিতে শিশু ও অন্যান্য ক্যান্সার রোগীদের কেমোথেরাপিসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। হামলার পর নিরাপত্তার স্বার্থে রোগীদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না কিংবা হাসপাতালটির কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কসমিক ডেস্ক