মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ের পাশে সন্দেহজনক বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমতৈল গ্রামের পশ্চিমপাড়ায় মফেজেলের ছেলে জগত আলীর চায়ের দোকানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অস্থায়ীভাবে নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন। তারা নিয়মিতভাবে ওই কার্যালয় থেকে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
শনিবার সকালে কার্যালয়ের পাশে লাল টেপে মোড়ানো সন্দেহজনক দুটি বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে গাংনী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়ের পাশে এসব বস্তু রেখে গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেছে। এগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।”
স্থানীয়রা এই ঘটনায় আতঙ্ক প্রকাশ করেছেন। তারা বলেছেন, নির্বাচনী কার্যক্রমের পাশে এমন বোমা সদৃশ বস্তু থাকায় স্থানীয় জনগণের নিরাপত্তা ও নির্বাচনী কার্যক্রম প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, কার্যালয় ও আশপাশের এলাকা নজরদারিতে রাখা হয়েছে এবং যেকোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক