রাজশাহীর পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফরিদা খাতুনের (৪০) স্বামী লালন শেখ হরিয়ান ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশ। মাকে রক্ষা করতে গিয়ে তাঁদের ছেলে মো. ফয়সালও ছুরিকাঘাতে গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী মো. বাবুর ছেলে মো. পরশ (১৮) ফরিদা খাতুনকে ছুরিকাঘাত করেন। হামলার পর স্থানীয় ক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে গিয়ে অগ্নিসংযোগ করে। তবে এর আগেই অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স জানিয়েছে, ফরিদা খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাঁর ছেলে ফয়সালকে আহত অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু জানান, পূর্বশত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে গ্রামবাসী অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক