মানুষের মতোই আলাদা আঞ্চলিক ভাষায় কথা বলে তিমি! The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মানুষের মতোই আলাদা আঞ্চলিক ভাষায় কথা বলে তিমি!

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2026 ইং
মানুষের মতোই আলাদা আঞ্চলিক ভাষায় কথা বলে তিমি! ছবির ক্যাপশন:

মানুষের মতোই অঞ্চলভেদে আলাদা ভাষা বা উপভাষায় যোগাযোগ করে স্পার্ম তিমি (Sperm Whale)। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই বিস্ময়কর তথ্য। বিজ্ঞানীদের মতে, দীর্ঘ সময় ধরে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন থাকার কারণে তিমিদের যোগাযোগের ধরনে আঞ্চলিক পার্থক্য তৈরি হয়েছে।

গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Proceedings of the Royal Society B-তে। গবেষকরা প্রায় ২০ বছর ধরে ভূমধ্যসাগরের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী স্পার্ম তিমির ডাক রেকর্ড ও বিশ্লেষণ করেন।

গবেষণায় মোট ৫,২৯১টি ‘কোডা’ (Coda) বা তিমির শব্দের ছন্দ বিশ্লেষণ করা হয়। ‘কোডা’ বলতে স্পার্ম তিমিদের পরস্পরের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত নির্দিষ্ট ছন্দের ক্লিক শব্দকে বোঝায়।

এর আগে ধারণা করা হতো, ভূমধ্যসাগরের সব স্পার্ম তিমি একই ধরনের ‘৩+১’ ছন্দে যোগাযোগ করে। অর্থাৎ, টানা তিনটি শব্দের পর সামান্য বিরতি দিয়ে আরেকটি শব্দ উচ্চারণ করে। তবে নতুন বিশ্লেষণে দেখা গেছে, গ্রিসের দিকের (পূর্ব ভূমধ্যসাগর) তিমিরা স্পেনের দিকের (পশ্চিম ভূমধ্যসাগর) তিমিদের তুলনায় অনেক দ্রুত একই ধরনের শব্দ উচ্চারণ করে।

গবেষণার আরেকটি আকর্ষণীয় দিক হলো, পূর্বাঞ্চলের তিমিরা নিজেদের নতুন উপভাষায় যোগাযোগ করলেও প্রয়োজনে পশ্চিমাঞ্চলের পুরোনো ধাঁচের ডাকও ব্যবহার করতে পারে। অর্থাৎ, তারা নতুন যোগাযোগ পদ্ধতি গড়ে তুললেও আগের ধরণ পুরোপুরি ভুলে যায়নি।

বিজ্ঞানীদের ধারণা, প্রায় ২০ হাজার বছর আগে স্পার্ম তিমিরা জিব্রাল্টার প্রণালি দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করেছিল। এরপর দীর্ঘ সময় ধরে বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বসবাসের ফলে প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের যোগাযোগের ধরনে পরিবর্তন এসেছে।

গবেষকদের মতে, এই আবিষ্কার শুধু স্পার্ম তিমির আচরণ বোঝার ক্ষেত্রেই নয়, প্রাণীদের ভাষা, সামাজিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। একই সঙ্গে বিপন্ন এই সামুদ্রিক প্রাণীর সংরক্ষণ কার্যক্রমেও গবেষণাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুমিল্লা-৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ আইনি শুনানি আজ

কুমিল্লা-৪ নির্বাচনে গুরুত্বপূর্ণ আইনি শুনানি আজ