২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা মরক্কো কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে শক্তিশালী ফ্রান্সের। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। হ্যামস্ট্রিং চোটের কারণে দলের অন্যতম ভরসার খেলোয়াড় ইসমায়েল সাইবারি ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে পারবেন না।
বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে মরক্কোর প্রধান কোচ মোহামেদ উয়াহবি নিশ্চিত করেছেন, সাইবারি এখনো পুরোপুরি সুস্থ নন। তাই তাকে ঝুঁকি নিয়ে খেলানো হবে না।
শেষ ষোলোর ম্যাচে কানাডার বিপক্ষে খেলতে নেমে মাত্র ২২ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সাইবারি। এরপর থেকে তার পুনর্বাসন চললেও সময়মতো ফিট হয়ে ওঠা সম্ভব হয়নি।
সংবাদ সম্মেলনে উয়াহবি বলেন, “সে এখনো প্রস্তুত নয়। তবে এর মানে এই নয় যে তার বিশ্বকাপ শেষ হয়ে গেছে।” অর্থাৎ, মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে পরবর্তী ম্যাচে সাইবারিকে পাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে।
চলতি বিশ্বকাপে মরক্কোর হয়ে দারুণ পারফর্ম করেছেন সাইবারি। গ্রুপপর্বের তিন ম্যাচেই গোল করা এই মিডফিল্ডার বিশ্বকাপ শেষে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়া শেষ ৩২-এর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক শেষ শটটি নিয়েও দলের জয় নিশ্চিত করেছিলেন তিনি।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন মরক্কোর কোচ। তিনি জানান, কোনো গোপন কৌশল বা চমক থাকছে না। বরং নিজেদের স্বাভাবিক ফুটবল খেলেই প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তারা।
উয়াহবি বলেন, “বল নিজেদের দখলে রাখাই আমাদের মূল লক্ষ্য। শুধু উইং দিয়ে নয়, মাঝমাঠ দিয়েও আক্রমণ গড়ে তুলতে হবে। ধৈর্য ধরে সুযোগ তৈরি করতে হবে। আমরা ইতোমধ্যেই প্রমাণ করেছি যে যেকোনো দলকে চাপে ফেলার সামর্থ্য আমাদের রয়েছে।”
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। তবে এবার সেই ম্যাচের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করতে নারাজ উয়াহবি। তার মতে, চার বছরে দুই দলই অনেক বদলেছে এবং আরও শক্তিশালী হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মরক্কো কোচ বলেন, কোয়ার্টার ফাইনালে ওঠাকে তিনি কোনো বাড়তি অর্জন হিসেবে দেখছেন না। তার ভাষায়, “এই পর্যায়ে পৌঁছানো কোনো বোনাস নয়। আসল বোনাস হলো বিশ্বকাপ জেতা। ফ্রান্স হয়তো ফেভারিট, কিন্তু জয় পাওয়ার জন্য আমরা সম্ভাব্য সবকিছুই করব।”
কসমিক ডেস্ক