জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে মিলল বিষ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে মিলল বিষ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে মিলল বিষ ছবির ক্যাপশন:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানির সরবরাহ লাইনে বিষাক্ত কেমিক্যাল মেশানোর প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় একটি অন্তর্ঘাতমূলক মামলা দায়ের করা হয়েছে। অসুস্থ হওয়া পুলিশ সদস্যরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) সকালে জঙ্গল সলিমপুরের আলীনগরে অবস্থিত পুলিশ ফাঁড়ি এলাকায় যৌথ বাহিনী ও একটি স্থানীয় স্কুলের ব্যবহৃত পানির লাইন থেকে পানি ব্যবহার করার পর কয়েকজন পুলিশ সদস্য শরীরে অস্বস্তি অনুভব করেন। পানি চোখে-মুখে দেওয়ার পর দুর্গন্ধ ও জ্বালাপোড়া শুরু হলে তারা লক্ষ্য করেন, পানির রং পরিবর্তিত হয়ে সাদা ফেনাযুক্ত হয়ে গেছে। পরে তাৎক্ষণিকভাবে ওই পানির ব্যবহার বন্ধ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

খবর পেয়ে চট্টগ্রামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। তদন্তে পানির সরবরাহ লাইনে বিষাক্ত কেমিক্যাল মেশানোর প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান তারা।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিম উদ্দিন বলেন, তদন্ত করতে গিয়ে কিছু দূরে জঙ্গলের মধ্যে পানির সাপ্লাই লাইন কাটা এবং প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। সেখানে দুটি পৃথক লাইন ছিল—একটি স্থানীয় স্কুলের দিকে এবং অন্যটি পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ ক্যাম্পের দিকে গেছে।

তার ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা প্রথমে যৌথ বাহিনীর লাইনের সংযোগ বন্ধ করে পাইপ কেটে ভেতরে বিষাক্ত কেমিক্যাল ঢুকিয়ে দেয়। পরে ঘটনাটি আড়াল করতে পাইপটি প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হয়। তিনি বলেন, সকালে পুলিশ সদস্যরা বিষয়টি বুঝতে না পারলে ওই পানি ব্যবহারে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীরাও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারতেন।

অতিরিক্ত ডিআইজি আরও বলেন, জঙ্গল সলিমপুরে ভূমিদস্যুমুক্ত অভিযান পরিচালনায় যৌথ বাহিনীর উপস্থিতি সন্ত্রাসীরা মেনে নিতে পারছে না। এর আগেও সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করা হয়েছে বলে পুলিশের ধারণা। তবে এসব অভিযোগের তদন্ত চলছে।

তিনি জানান, ওই পানি ব্যবহারের ফলে ৩ থেকে ৪ জন পুলিশ সদস্য সামান্য অসুস্থ হলেও চিকিৎসা ও ওষুধ দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠেন। পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রোববার রাতে সীতাকুণ্ড থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অন্তর্ঘাতের মামলা দায়ের করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অর্থনৈতিক সংকটে পাকিস্তান, পাশে থাকার আশ্বাস সৌদি আরবের

অর্থনৈতিক সংকটে পাকিস্তান, পাশে থাকার আশ্বাস সৌদি আরবের