পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথভাবে কাজ করার অঙ্গীকার ছবির ক্যাপশন:

বাংলাদেশ ও নেদারল্যান্ডস পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন। আলোচনায় দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা, গবেষণা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের নতুন ক্ষেত্র নিয়ে গুরুত্বারোপ করা হয়।

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত উন্নয়ন সহযোগী এবং দুই দেশের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তিনি পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং যৌথ গবেষণার মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হওয়ার পর তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্মরণ করিয়ে দেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস—উভয় দেশই ব-দ্বীপ অঞ্চল হওয়ায় পানিসম্পদ ব্যবস্থাপনায় তাদের অভিজ্ঞতার মধ্যে অনেক মিল রয়েছে। তিনি জানান, বাংলাদেশে টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে ডাচ সরকার ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আয়কর রিটার্নে সময় বাড়াতে করদাতাদের ঢল

আয়কর রিটার্নে সময় বাড়াতে করদাতাদের ঢল