গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় সাহসী ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে দেশ পুনর্গঠনে অসামান্য অবদান রাখেন।
তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর উন্নয়ন দর্শন ও জাতীয়তাবাদী চিন্তাধারা আজও দেশের মানুষের জন্য অনুপ্রেরণা।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও জিয়াউর রহমানের জীবন, আদর্শ ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক